যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বিমানের ১২৭ যাত্রী
ছবি: সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১২৭ যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। রোববার বিকাল ৪টায় ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। বোর্ডিংয়ের সময় নির্ধারিত ছিল বিকাল ৩টা।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। তাদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আটকে পড়া যাত্রী মো. নুরুজ্জামান বলেন, ফ্লাইটটি বিকাল ৪টায় ছাড়ার কথা ছিল। কিন্তু এখনো ছাড়েনি। কখন যাব, কিছুই জানি না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, একটা ফ্লাইট ওখানে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দেশে ফেরাতে আরেকটা বিমান পাঠানোর চেষ্টা করছি।
আরও পড়ুন: পা অবশ, হাঁটাচলায় কষ্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
তিনি জানান, যাত্রীদের দ্রুত ঢাকায় ফিরিয়ে আনতে রাত ১০টার দিকে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ওই উড়োজাহাজে করে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








