স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ১৮ আগস্ট ২০২৬

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে তা কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে যেখানে প্রয়োজন রয়েছে, সেখানে অর্থ ব্যয় করা হবে এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এনবিআরের কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক ব্যবস্থা থাকা জরুরি। তবে এসব ব্যয়ের অর্থ আসে করদাতাদের কাছ থেকে। তাই করদাতাদের কাছ থেকে প্রযোজ্য কর সঠিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব এনবিআর কর্মকর্তাদের।

প্রধানমন্ত্রী বলেন, কর আদায়ের ক্ষেত্রে এনবিআরকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এর মধ্যে মানুষের মধ্যে তৈরি হওয়া কিছু নেতিবাচক ধারণাও অন্যতম। এ কারণে সরকার সবাইকে সঙ্গে নিয়ে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকার এনবিআরকে সহযোগিতা করবে এবং এনবিআরকেও সরকারকে সহযোগিতা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এনবিআর মানুষের ওপর করের জন্য চাপ সৃষ্টি করে, এমন ধারণা সঠিক নয়। করদাতাদের সহযোগিতা করতে হবে, যাতে তাদের ওপর অযাচিত চাপ তৈরি না হয়। বরং মানুষকে কর দিতে উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, কর দেওয়ার মাধ্যমে জনগণ উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষাসুবিধা এবং বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করে। এসব বিষয় মানুষকে বোঝাতে এনবিআর কর্মকর্তাদের আরও মনোযোগী হতে হবে।

আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়