মন্ত্রিসভায় নতুন ৪ মুখ, দপ্তরে রদবদল
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন নতুন আরও চারজন সদস্য।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক বঙ্গভবনের দরবার হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার আকার ও কার্যপরিধি আরও সম্প্রসারিত হতে যাচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আলোচনায় রয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে সম্ভাব্য এসব মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। নতুন মন্ত্রীদের যাতায়াত ও প্রটোকল নিশ্চিত করতে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ইতিমধ্যে ছয়টি সুসজ্জিত গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
মন্ত্রিসভার এই সম্প্রসারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল বা দায়িত্ব পুনর্বণ্টনের জোরালো গুঞ্জন রয়েছে। বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই মন্ত্রণালয়টি শূন্য হচ্ছে। এ ছাড়া গত জুনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করার পর থেকে সেই পদটিও ফাঁকা রয়েছে।
আরও পড়ুন: শপথের জন্য সাজানো হয়েছে বঙ্গভবন, অপেক্ষা নতুন রাষ্ট্রপতির
সরকারের নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও দায়িত্বের পরিবর্তন বা নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হতে পারে। বর্তমান মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্বে থাকা জ্যেষ্ঠ মন্ত্রীদের কাজের চাপ কমাতে এই পুনর্বণ্টন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আজকের এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো বঙ্গভবন চত্বর ও প্রশাসনিক মহলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির পরিচালনায় এ অনুষ্ঠানে দেশের বরেণ্য রাজনীতিক, কূটনীতিক, জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ ১ হাজার ২০০-এর বেশি বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তাকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ সম্পন্ন হওয়ার পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে পদত্যাগ ও দায়িত্ব পুনর্বণ্টনের ধারাবাহিকতায় মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসে। আজ নতুন তিনজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রীর সংখ্যা হবে ২৮ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হবে ২৫ জন।
এ ছাড়া মন্ত্রিসভার বাইরে মন্ত্র ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পটপরিবর্তন ও রাষ্ট্রপতির নির্বাচনের এই বিশেষ মুহূর্তে মন্ত্রিসভার এই সম্প্রসারণ বর্তমান সরকারের প্রশাসনিক গতিশীলতা আরও বহুগুণ বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








