স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ২১ আগস্ট ২০২৬

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবনও প্রস্তুত। ঐতিহাসিক দরবার হলটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। এর আগেও এই হলে একাধিক রাষ্ট্রপতির শপথ গ্রহণসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে আমন্ত্রিত অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত আসনে বসার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও রাষ্ট্রপতির শপথ গ্রহণের এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়