নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৩, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় নতুন মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় নতুন মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন আরও চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব।

এবারের মন্ত্রিসভা সম্প্রসারণে চারজন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। তারা হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (টেকনোক্র্যাট কোটায়) এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, নবনিযুক্ত ও দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, তিন বাহিনীর প্রধানগণ, সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, দেশের বিশিষ্ট নাগরিক এবং দেশি-বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির শপথ ও মন্ত্রিসভা সম্প্রসারণের এই অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাগ্রহণ করে। সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রশাসনিক গতিশীলতা ও নীতি বাস্তবায়নের পরিধি বাড়াতে এই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হলো। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বৃদ্ধি পেল। নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন অতি দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়