২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানের পুরো প্রক্রিয়াটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, এরপর পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। শপথ গ্রহণের পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং নির্ধারিত আসনে বসেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত ছিলেন রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সদ্য সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। এ ছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রস্তুত বঙ্গভবন, শপথের অপেক্ষায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
শপথ গ্রহণের প্রাক্কালে শুক্রবার জুমার নামাজের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য যে, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব থেকে হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব থেকে ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্বের অবসান ঘটল।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং যান চলাচলের ক্ষেত্রে বিশেষ ডাইভারশন কার্যকর করা হয়েছিল। বঙ্গভবন সূত্র জানায়, শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রায় ১২ শর অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ শপথ গ্রহণের পর বঙ্গভবনে মন্ত্রিসভার আকার বৃদ্ধির লক্ষ্যে নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








