খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২০ আগস্ট ২০২৬

খুলনায় আধা ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা

খুলনায় আধা ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা

ছবি: নিউজবাংলাদেশ

খুলনা নগরীতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় পৃথক দুটি হামলার ঘটনায় নিহত হন মঞ্জুরুল ইসলাম (২১) ও নাজমুল হোসেন (১৯)। পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় দুর্বৃত্তদের হামলায় আরও তিনজন কুপিয়ে আহত হয়েছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে জেনেভা ক্যাম্পে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

এর প্রায় আধা ঘণ্টা পর একই এলাকার ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দূরে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। রাত ৮টার দিকে একটি বাড়ির গলির বাউন্ডারির পাশে দুর্বৃত্তদের গুলিতে নাজমুল হোসেন নামে ১৯ বছর বয়সী এক যুবক নিহত হন।

স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকায় দুই যুবক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, দুই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়