নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত
শপথ নেওয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। অন্যদিকে, এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
এ ছাড়া মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন: মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
নতুন দপ্তর বণ্টনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।
নিউজবাংলাদেশ.কম/এসবি








