রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণ নিয়ে নতুন প্রত্যাশা মির্জা ফখরুলের
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের কয়েক ঘণ্টা আগে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রাক্কালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ও টেলিফোনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির একক প্রার্থী হিসেবে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোটের আনুষ্ঠানিকতা শেষে তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে দলীয় ও রাজনৈতিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা দুই বেলা পেট ভরে খেতে পারবে। সুস্থ পরিবেশে নিরাপদ ও নিশ্চিন্ত জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং নারী সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ বহুগুণ বৃদ্ধি করার ওপর তিনি বিশেষ জোর দেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ একটি প্রকৃত জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
নির্বাচনপূর্ব এই বিশেষ মুহূর্তে দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ অধিকার আদায়ের সংগ্রামে যারা সবসময় তার পাশে ছিলেন এবং গণমাধ্যমকর্মীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ তাকে যে সহযোগিতা ও সমর্থন জুগিয়েছেন, তা তিনি চিরস্মরণীয় রাখবেন। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তার নেতৃত্বেই প্রত্যাশিত বাংলাদেশ-এর চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
আরও পড়ুন: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলের জয় নিশ্চিত
এ সময় আবেগাপ্লুত কণ্ঠে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, এই মহীয়সী নারী নেত্রীর সান্নিধ্য, স্নেহ এবং প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তার সংগ্রামের স্মৃতি মনে পড়লে আজও তার মন কেঁদে ওঠে এবং তিনি গভীর আবেগ অনুভব করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনের বহু স্মৃতি ও সহকর্মীদের তিনি মিস করবেন উল্লেখ করে সৃষ্টিকর্তার দরবারে দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
বামপন্থী ছাত্ররাজনীতি ও ভাসানী ন্যাপের রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় পরীক্ষিত ও নিষ্ঠাবান নেতা হিসেবে তিনি দলের মহাসচিবের গুরুদায়িত্ব পালন করে আসছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি তৎকালীন বিএনপি সরকারের সময় সফলভাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গঠিত সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার ও এই নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন ভোটগ্রহণ পরিচালনা করছেন।
নির্ধারিত তপশিল ও দলীয় পরিকল্পনা অনুযায়ী, দুপুর ২টার দিকে সংসদ ভবনে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া নিয়ে কোনো সংশয় নেই।
দলীয় সূত্রে জানা গেছে, এটিই ছিল সংসদীয় দলের সঙ্গে তার শেষ আনুষ্ঠানিক বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে গত কয়েক দিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওসহ সমগ্র উত্তরাঞ্চল ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষেরা তাকে একনজর দেখতে এবং ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন। ব্যস্ততার মাঝেও মির্জা ফখরুল সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং দেশবাসীর কাছে নিজের ও দেশের জন্য দোয়া প্রার্থনা করছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








