মা-ছেলের ৫ হাজার টাকার সিনেমা আয় করল প্রায় ২৭ কোটি টাকা
ছবি: সংগৃহীত
কোনো অভিজ্ঞতা ছাড়াই মা-ছেলে মিলে বানিয়েছেন ৮৬ মিনিটের একটি অ্যানিমেশন সিনেমা। নির্মাণমান এতটাই নিম্ন ছিল যে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শও পেয়েছিলেন পরিবেশক। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল ৩০০টিরও কম। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয় ব্যাপক ট্রল ও হাস্যরসাত্মক মিম। আর সেই ট্রলই শেষ পর্যন্ত সিনেমাটির ভাগ্য বদলে দিয়েছে।
মাত্র ৪৭ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে নির্মিত চীনা অ্যানিমেশন চলচ্চিত্র নিউ লাই এখন বক্স অফিসে চমক দেখাচ্ছে। চীনের বক্স অফিসে আয়ের দিক থেকে সিনেমাটি টক্কর দিচ্ছে বড় বাজেটের দ্য ওডিসি ও স্পাইডার-ম্যান-এর মতো চলচ্চিত্রের সঙ্গে।
মা শিন ইউমেং ও ছেলে সান লিফাং মিলে সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা, ভয়েসওভার ও প্রযোজনার দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিউ লাই।
মুক্তির প্রথম ১০ দিনে সিনেমাটি আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ট্রল, সমালোচনা ও মিমের কারণে ধীরে ধীরে সিনেমাটি আলোচনায় চলে আসে।
চীনভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাও ইয়ান-এর তথ্য অনুযায়ী, সিনেমাটি ইতোমধ্যে ১৪ দশমিক ৯ মিলিয়ন ইউয়ান আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা।
একটি গরু ও একটি ভরতপাক্ষী বা স্কাইলার্কের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে ৮৬ মিনিটের অ্যানিমেশন সিনেমাটি। বড় বাজেট, তারকাবহুল অভিনয় কিংবা চোখধাঁধানো বিশেষ প্রভাব কোনোটিই নেই নিউ লাই-এ।
আরও পড়ুন: কাজী শুভ-পূজার কণ্ঠে পাগল মন মানে না, প্রকাশ শুক্রবার
বরং মুক্তির পর সিনেমাটির দুর্বল অ্যানিমেশন, গল্প ও বিশেষ প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাসাহাসি শুরু হয়। তবে সেই ট্রল ও মিমই শেষ পর্যন্ত সিনেমাটির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক হাজার টাকা ব্যয়ে নির্মিত ছবিটি এখন চীনের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








