কলেজ শিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে গুগল এআই ব্যবহারের সুযোগ
ছবি: সংগৃহীত
পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ বাড়াতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কলেজশিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। নতুন এই সুবিধার আওতায় শিক্ষার্থীরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রতিদিন দ্বিগুণ পরিমাণ জেমিনাই ব্যবহার করতে পারবে। পাশাপাশি পাওয়া যাবে ৪০০ গিগাবাইট অনলাইন স্টোরেজ।
এ ছাড়া শিক্ষার্থীরা জেমিনাই অ্যাপ, জিমেইলে জেমিনাই, গুগল ফ্লো ও জেমিনাই নোটবুক ব্যবহারের সুযোগ পাবে। সুবিধাটি পেতে গুগলের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।
গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কলেজশিক্ষার্থীদের জন্য এক বছরের বিনা মূল্যের গুগল এআই প্রো প্ল্যান দেওয়া হবে। এতে তারা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রতিদিন চার গুণ বেশি জেমিনাই ব্যবহারের সুযোগের পাশাপাশি ৫ টেরাবাইট অনলাইন স্টোরেজ পাবে।
শিক্ষার্থীদের জন্য বিভিন্ন এআই সুবিধা এক জায়গায় ব্যবহারের সুযোগ দিতে বিশেষ একটি হাবও চালু করেছে গুগল। সেখানে জেমিনাই এআই সহকারী ও গুগল সার্চের বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে। পাশাপাশি তথ্য গুছিয়ে রাখা, স্টাডি নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো এবং অনুশীলনের জন্য কুইজে অংশ নেওয়ার সুবিধাও রয়েছে।
গুগলের তথ্যমতে, এই বিশেষ হাবের মাধ্যমে শিক্ষার্থীরা জেমিনাইয়ের বিভিন্ন সুবিধা কীভাবে কাজে লাগানো যায়, তা শেখার পাশাপাশি সহজেই সেগুলো ব্যবহার করতে পারবে। ফলে পড়াশোনার জন্য আলাদা আলাদা টুল ব্যবহারের প্রয়োজন কমবে।
যুক্তরাষ্ট্রের যেসব শিক্ষার্থী গুগল এআই প্রো প্ল্যান ব্যবহার করবে, তারা ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ক্ষেত্রেও সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে।
সম্প্রতি শিক্ষার্থীদের জন্য জেমিনাইয়ে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এর মধ্যে অন্যতম স্টাডি নোটবুক। এই সুবিধা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিশ্লেষণ করে কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। এরপর সেই ঘাটতি পূরণে প্রয়োজনীয় পাঠের বিষয়বস্তু তৈরি করে দেয়।
আরও পড়ুন: এআইতে জোর দিতে ২০০টির বেশি পদ কমাচ্ছে অ্যাপল
জেমিনাইয়ের আরেকটি সুবিধা হলো ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন। এর মাধ্যমে কোনো বিষয় বোঝাতে দ্রুত ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করা যায়। ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী টেবিল, গ্রিডসহ বিভিন্ন ভিজ্যুয়াল উপাদানও তৈরি করতে পারে জেমিনাই। ফলে জটিল বিষয় শুধু লেখা পড়ে নয়, দৃশ্যের মাধ্যমেও বোঝার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজবাংলাদেশ.কম/এসবি








