আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবে গেল কার্গো জাহাজ

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবে গেল কার্গো জাহাজ

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। এতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জাহাজটির ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ করে।

জাহাজটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে অংশ নিতে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত একটি লাইফ র‍্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

এদিকে ওই এলাকার অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়