আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ২২ আগস্ট ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে নেওয়া এ পদক্ষেপ আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট এ. ভার্গাস এ রায় দেন। রায়ে তিনি নীতিটিকে স্পষ্টতই বেআইনি বলে উল্লেখ করেন।

বিচারকের মতে, নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য সামগ্রিকভাবে অভিবাসন ভিসা বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নেই।

গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনাসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি।

তবে এই নীতি শুধু অভিবাসন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। পর্যটকসহ অন্যান্য অ-অভিবাসন ভিসা এর আওতাভুক্ত ছিল না।

নীতিটির বিরুদ্ধে অভিবাসী অধিকার সংগঠন, ভিসা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তাদের স্বজনদের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, জাতীয়তার ভিত্তিতে এভাবে ভিসা ইস্যু স্থগিত করা মার্কিন অভিবাসন আইনের বিধানের পরিপন্থী।

রায়ে বিচারক ভার্গাস বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসন ভিসা ইস্যুতে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন অভিবাসন ব্যবস্থার আইনগত কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আদালত নীতিটি বাতিল করেছেন।

রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুন: দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্তও ছিল এসব পদক্ষেপের অন্যতম। তবে সর্বশেষ আদালতের রায়ে ওই নীতি আইনবহির্ভূত ঘোষণা করে বাতিল করা হলো। সূত্র: আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়