হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটির ছবি শেয়ার করেন তিনি।
এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর তেহরান হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ প্রণালির অবরোধ তুলে নেয় ইরান এবং ইরানের বন্দরগুলো থেকে প্রহরা সরিয়ে নেয় মার্কিন নৌবাহিনী।
তবে ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে যায় ইরান এবং হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করে। প্রতিবেদনে বলা হয়েছে, এখনো সেখানে অবরোধ পরিস্থিতি চলছে।
আরও পড়ুন: বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবে গেল কার্গো জাহাজ
এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছে এবং মার্কিন নৌবাহিনী তা অপসারণের কাজ করছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের আর কোনো নিয়ন্ত্রণ নেই এবং পুরো জলপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। সূত্র: এএফপি, এনডিটিভি
নিউজবাংলাদেশ.কম/এসবি








