স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ২১ আগস্ট ২০২৬

২৪ জুন ব্রাজিলে শুরু নারী বিশ্বকাপ, ফাইনাল মারাকানায়

২৪ জুন ব্রাজিলে শুরু নারী বিশ্বকাপ, ফাইনাল মারাকানায়

ছবি: সংগৃহীত

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের এই বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। এরই মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা।

লাতিন আমেরিকার মাটিতে প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন। স্বাগতিক ব্রাজিল খেলবে উদ্বোধনী ম্যাচে। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

মারাকানা ব্রাজিলের ফুটবল ইতিহাসে একই সঙ্গে গৌরব ও বেদনার প্রতীক। ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই উরুগুয়ের কাছে হৃদয়বিদারক পরাজয় বরণ করেছিল ব্রাজিল।

ব্রাজিলের আটটি শহরে অনুষ্ঠিত হবে এবারের নারী বিশ্বকাপের ম্যাচ। শহরগুলো হলো- ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে, সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলো। প্রতিটি শহরে গ্রুপ পর্বের অন্তত সাতটি ম্যাচ এবং ন্যূনতম একটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদরে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ম্যাচ। অন্যদিকে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলোতে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে সাও পাওলো ও রিও ডি জেনিরোতে।

ফিফা জানিয়েছে, নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে যা জানালেন রবার্তো কার্লোস

নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র, যারা চারবার শিরোপা জিতেছে। তবে এখন পর্যন্ত অনুষ্ঠিত নয়টি আসরে একবারও শিরোপা জিততে পারেনি স্বাগতিক ব্রাজিলের মেয়েরা। পুরুষদের ফুটবলে অবশ্য ব্রাজিল সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়