দুই স্ত্রীর হাতাহাতি, পরিস্থিতি সামলাতে গিয়ে অজ্ঞান মিসরের কোচ
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মিসরের কোচ হোসাম হাসান। ম্যাচের পর ফিফার সমালোচনাও করেছিলেন তিনি। সেই ঘটনার প্রায় দেড় মাস পর এবার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন মিসরের এই কোচ।
স্কাই নিউজ অ্যারাবিয়ার প্রতিবেদনের বরাতে মিসরীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর উপকূলের একটি হোটেলে বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে অবস্থান করছিলেন হোসাম। এ সময় তার সাবেক স্ত্রী হুদাইবা ও সন্তানরা সেখানে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাটি মিসরের উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে ঘটে বলে জানা গেছে। এর আগে মিসরের জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি অনুষ্ঠান শেষে হোসাম ও ড্যান অ্যাডাম হোটেলে ফিরেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, হোসামের সাবেক স্ত্রীর সন্তানরা হঠাৎ ক্যাফেতে এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা হোসামকে চেয়ার থেকে টেনে তুলে তাদের সঙ্গে যেতে বলেন। এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে তার সাবেক স্ত্রী হুদাইবা ও তার মেয়ের কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে এতে আরও কয়েকজন জড়িয়ে পড়েন।
ড্যান অ্যাডামের দাবি, বিরোধের একপর্যায়ে তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তাকে থাপ্পড় ও ঘুষি মারা এবং চুল টানার ঘটনাও ঘটে। দুই পক্ষের বিরোধের মধ্যে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন হোসাম। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে হোসামের সাবেক স্ত্রী হুদাইবা থানায় গিয়ে একটি প্রতিবেদন জমা দেন। তবে পরবর্তীতে তিনি অভিযোগগুলো প্রত্যাহার করে নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া জয়ে টাইগারদের ভিডিও কলে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অন্যদিকে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ড্যান অ্যাডাম ঘটনাটি নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








