স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ২৩ আগস্ট ২০২৬

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’: তথ্যমন্ত্রী

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন মন্ত্রী।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের প্রতিটি বিভাগেই নৈতিক অবক্ষয় হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান না নিয়ে নিয়মকানুন যথাযথভাবে প্রয়োগ ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পার্থ বলেন, মন্ত্রণালয় থেকে কার্যক্রম রেগুলেট করা হবে, তবে কোনোভাবেই যেন তা নিয়ন্ত্রণের পর্যায়ে না যায়।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: বিআরটিসির পিংক বাসে চালু হলো ই-টিকিটিং

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন পার্থ। তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়