স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২০, ২৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানে গুটিয়ে গেছে টাইগাররা। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচের দুই ইনিংসেই একশর নিচে অলআউট হলো বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন শরীফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি।

ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেট তুলে নিতে বাংলাদেশের প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৪৬ রানের লিড পায়।

উইকেটে বোলারদের জন্য খুব বেশি বাড়তি সুবিধা না থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটাররা। বেশ কয়েকজন ব্যাটারের আউটের ধরনও ছিল হতাশাজনক।

থিতু হয়ে যাওয়ার পর ডাউন দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান আউট হন হুক করতে গিয়ে। লিটন দাস ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে মুশফিকুর রহিম ৮০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: ভারত সরে দাঁড়ানোয় আসিয়ান কাপে সুযোগ পেল বাংলাদেশ

তবে ম্যাকাই টেস্টের ফল হতাশাজনক হলেও পুরো সিরিজটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইন টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়