স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৪ আগস্ট ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনার দুর্দান্ত শুরু

শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনার দুর্দান্ত শুরু

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এলচের মাঠে ৫-০ গোলের বড় জয় পেয়েছে হানসি ফ্লিকের দল।

বার্সেলোনার বড় জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন নতুন সাইনিং করিম আদেইয়েমি। বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি জোড়া অ্যাসিস্ট করেছেন অ্যান্থনি গর্ডন।

ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষ দিকে রাফিনিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আদেইয়েমি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন গর্ডন। তাঁর বাড়ানো দুই চমৎকার পাস থেকে রাফিনিয়া ও ফেরমিন লোপেস গোল করলে বার্সেলোনা ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের শেষ দিকে জাভি এস্পার্তের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেরমিন লোপেস। তাতে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

এদিকে মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও। এস্পানিওলের মাঠে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়