১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
ছবি: সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের হেয়ারকাট বা কর্তন করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা চালুর সিদ্ধান্ত হয়েছে।
এর ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। চলমান স্কিমে থাকা নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও এই অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট বা কর্তন করা হবে না। এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীও এ বিষয়ে ঘোষণা দিয়েছিলেন।
তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি থাকায় গভর্নর ব্যাংক কর্তৃপক্ষকে সব আমানতকারীর কাছে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। কোনো আমানতকারীর মুনাফা কাটা হবে না এ তথ্য গ্রাহকদের জানাতে বলা হয়েছে।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সোনার দাম বাড়লো, প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।স
নিউজবাংলাদেশ.কম/এসবি








