স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ২৪ আগস্ট ২০২৬

ঢাকার সড়কে আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল

ঢাকার সড়কে আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল

ছবি: সংগৃহীত

যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খলভাবে পথচারী পারাপার নিশ্চিত করতে ঢাকার সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরিধি বাড়ানো হচ্ছে। পরীক্ষামূলকভাবে ১৩টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালুর পর এবার রাজধানীর আরও ৫০টি পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হচ্ছে।

নতুন ৫০টি পয়েন্টের মধ্যে ২৮টি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ২২টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থাপন করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে তৈরি এই প্রযুক্তি সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন এই ট্রাফিক ব্যবস্থায় সিগন্যাল পরিচালনার জন্য আলাদা অপারেটরের প্রয়োজন হবে না। সড়কে যানবাহনের চাপ ও পরিস্থিতি বিশ্লেষণ করে সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তবে প্রয়োজন হলে ট্রাফিক পুলিশের সদস্যরা হাতে থাকা ট্যাবের মাধ্যমেও সিগন্যাল পরিবর্তন করতে পারবেন।

চালকদের অনেকেই বলছেন, এআই সিগন্যাল চালু হওয়ায় ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে। মামলা হওয়ার আশঙ্কা ও আইন মেনে চলার তাগিদে চালকেরা আগের তুলনায় বেশি সতর্ক হচ্ছেন বলেও জানিয়েছেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, মানুষের দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ নয়। তবে নতুন এই প্রযুক্তি ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তবে এআই ক্যামেরা ও সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মাঠপর্যায়ে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ট্রাফিক কর্মকর্তার জানান, ফুটপাত দখল, যত্রতত্র পথচারী পারাপার এবং ফিটনেসবিহীন ও ব্যাটারিচালিত রিকশার কারণে অনেক সময় এআই সিস্টেমকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন: শিশু নন্দিনী হত্যা: ছয় কর্মদিবসে রায়, বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড

এই প্রযুক্তি সার্বক্ষণিক সচল রাখতে নতুন লোকবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সিগন্যালিং ব্যবস্থা পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য ট্রাফিক পুলিশের অধীনে ট্রাফিক টেকনিক্যাল ইউনিট নামে একটি বিশেষায়িত ইউনিটকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়