কোস্টারিকায় দুই মিনিটের ব্যবধানে দুই ভূমিকম্প
ছবি: সংগৃহীত
কোস্টারিকার রাজধানী সান হোসে ও আশপাশের এলাকায় দুই মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে অনুভূত হওয়া ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৪ দশমিক ৮। এতে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে করোনাদো এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতার কারণে ওই এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়।
প্রথম ভূমিকম্পের মাত্র দুই মিনিট পর একই উৎপত্তিস্থলের কাছ থেকে ৪ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ বলে জানিয়েছে।
পরপর দুটি ভূমিকম্পের পর সকালজুড়ে সান হোসেসহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি মৃদু আফটারশক অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে একটি সড়কে ভূমিধস হয়েছে এবং কয়েকটি ভবনে সামান্য ফাটল ও অন্যান্য ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








