গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর ময়লার ভাগাড়ের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) গভীর রাতে কোনাক্রির গবেসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ২টার দিকে বর্জ্যের স্তূপ ধসে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গিনি সরকার।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের পর বর্জ্যের স্তূপ এতটাই বড় হয়ে যায় যে এর নিচে একটি বহুতল ভবনও চাপা পড়তে পারত।
ঘটনায় স্বজন হারানো সাইরে দিয়ালো নামে এক নারী সাংবাদিকদের বলেন, আমি আমার সব সন্তানকে হারিয়েছি। এখন সৃষ্টিকর্তার ওপর ভরসা করা ছাড়া আমার আর কিছু করার নেই। দুর্ঘটনায় তার পাঁচ সন্তানই নিহত হয়েছে বলে জানান তিনি।
এর মাত্র কয়েক দিন আগে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ওই ভাগাড়টি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছিল গিনি সরকার। দেশটির আঞ্চলিক প্রশাসনমন্ত্রী জেনাব তোরে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, ভাগাড়টি বন্ধ করে কোনাক্রির বাইরে বর্জ্য সরিয়ে নেওয়া হবে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি উদ্ধারকাজ তদারক করেন। এ সময় সরকার স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও অনুন্নত শহরগুলোতে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। ভারী বৃষ্টির মধ্যে কোনাক্রির এই দুর্ঘটনাও সেই ঝুঁকির ভয়াবহতা সামনে আনল।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও গিনিতে দারিদ্র্য ও অবকাঠামোগত সংকট প্রকট। দেশটিতে বিশ্বের অন্যতম বড় বক্সাইটের মজুত রয়েছে। সিমানদু অঞ্চলে রয়েছে বিপুল লৌহ আকরিকের মজুত। বিশ্বব্যাংকের এপ্রিলের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ প্রতিদিন ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।
আরও পড়ুন: জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২০
ভাগাড়টি বন্ধের সিদ্ধান্ত ঘোষণার কয়েক দিনের মধ্যেই ভয়াবহ এই দুর্ঘটনা গিনির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র: রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/এসবি








