আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ২৪ আগস্ট ২০২৬

হরমুজে বিদেশি জাহাজ থেকে ফি আদায়ের আইন পাস ইরানে

হরমুজে বিদেশি জাহাজ থেকে ফি আদায়ের আইন পাস ইরানে

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের সুযোগ রেখে একটি নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশন হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ শীর্ষক আইনের খসড়া অনুমোদন করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র হাসান কাশকাবি জানান, নতুন আইনের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে। এর মধ্যে সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা এবং নৌ-নিরাপত্তা সহায়তার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটি বর্তমানে কঠিন অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌপথে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেশটির জ্বালানি তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিনিয়োগেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের নতুন চাপ ও নিষেধাজ্ঞার পদক্ষেপকে ওয়াশিংটনের কৌশলগত ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। আঞ্চলিক উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে কার্যকর কূটনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই বলেও জানিয়েছে তেহরান।

আরও পড়ুন: গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে ইরানের নতুন এই আইন আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়