তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ২৪ আগস্ট ২০২৬

৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে

৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে

ছবি: সংগৃহীত

ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি করেছে মাদারাক্স নামের একটি হ্যাকার গ্রুপ। তাদের দাবি, বিপুল পরিমাণ এই তথ্য দেশের চাকরির অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবস থেকে সংগ্রহ করা হয়েছে।

তবে হ্যাকারদের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বিডিজবস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বিষয়টিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।

রবিবার (২৩ আগস্ট) ডার্ক ওয়েবের একটি ফোরামে হ্যাকার গ্রুপটি ওই ডেটাসেট বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করে। এর দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ডলার। হ্যাকারদের দাবি, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে।

বিজ্ঞাপনে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্সের নাম উল্লেখ করা হয়েছে। ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতাসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে বলেও দাবি করেছে গ্রুপটি।

এদিকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দেয় বলেও জানানো হয়েছে।

বিডিজবসের দাবি, একজন চাকরিপ্রার্থী নিজেই নির্ধারণ করতে পারেন কারা তার প্রোফাইল দেখতে পারবেন। নিবন্ধিত নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোনো নিয়োগদাতা এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ফাঁসের চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কলেজ শিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে গুগল এআই ব্যবহারের সুযোগ

পাশাপাশি যাচাই না করে কোথাও ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করেছে বিডিজবস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়