রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ২৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:১৪, ২৪ আগস্ট ২০২৬

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যক্তিদের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনকেন্দ্রে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দেয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়, যার প্রভাব গণপরিবহন, সেচ, সারসহ বিভিন্ন খাতে পড়েছে। বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকার অনেক এলাকায় চুলা জ্বলছে না এবং গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদনও কমেছে।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে দেশের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে। সরকার ক্ষমতা গ্রহণের পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং, ভুতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে জাতীয় কমিটি গঠন করা হলেও সেই কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কোনো সংকট দেখা দিলেই কখনো ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

কৃষি ও স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। ঋণের প্রবৃদ্ধিও বাড়ছে। স্বাস্থ্য খাতে হাম মহামারি পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হলেও সংকট এখনও কাটেনি এবং কোনো বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হয়নি।

শিক্ষাঙ্গন নিয়েও অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দখলের ঘটনা ঘটছে। বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও ব্যক্তিদের ওপর হামলা হলেও এসব ঘটনায় কার্যকর বিচার হচ্ছে না।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপি জড়িত বলে অভিযোগ করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ফ্যাসিস্ট আ.লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি শুরু থেকেই বলে আসছে সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়