নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৭, নিখোঁজ ৩৮৪
ছবি: সংগৃহীত
নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন জেলায় বুধবার (২৬ আগস্ট) সকালে বন্যার পর এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।
এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যার পর শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ বলে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক ও ৯৩ জন নেপালের নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক হালনাগাদ তথ্যে নেপাল ট্যুরিজম বোর্ড বলেছে, নিখোঁজ ব্যক্তিদের অবস্থান ও তারা নিরাপদে আছেন কি না, তা যাচাইয়ের কাজ চলছে।
আরও পড়ুন: ইসরায়েল স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প
বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া জেলায় এই আকস্মিক বন্যা আঘাত হানে। ভোতে কোশি নদীর তীরবর্তী ও নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় বন্যার পর ব্যাপকসংখ্যক পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ২৯১ বিদেশি নাগরিকের মধ্যে রয়েছেন ১২ জন ব্রিটিশ, ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন নাগরিক, একজন অস্ট্রেলীয় ও একজন ডাচ নাগরিক। এছাড়া নিখোঁজ আরও ১১১ জন বিদেশি নাগরিকের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের অবস্থান ও নিরাপত্তার তথ্য যাচাইয়ে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








