নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০১, ২৬ আগস্ট ২০২৬

১৬ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, একদিনে হাসপাতালে ভর্তি ৫৫০

১৬ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, একদিনে হাসপাতালে ভর্তি ৫৫০

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।  এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু রোগী সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেল।

বুধবার(২৬ অগাস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫০ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৪৯ জন। ৮৪ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে আরো ২১৫ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগের মধ্যে বরিশালে ৬ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ৩৮ জন ও ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ৮ এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অগাস্টে মারা গেছন ৩৪ জন।

চলতি বছর জানুয়ারিতে রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাই মাসে ছিল ৯ হাজার ২০৬ জন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭১

২৪ ঘণ্টায় কারো ৬২৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৬ হাজার ২৭২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়