স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১২:০০, ২৯ আগস্ট ২০২৬

আবারও কমলো সোনার দাম

আবারও কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা।

শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।

সোনার পাশাপাশি রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্য ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ছিল ৪৭০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে রৌপ্যের দাম কমেছে ১৫ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

আরও পড়ুন: পরিবেশ ও জ্বালানিতে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে সোনা ও রৌপ্যের গহনা বিনিময় বা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়