পরিবেশ ও জ্বালানিতে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি
ফাইল ছবি
পরিবেশ সংরক্ষণ, ম্যানগ্রোভ ও সামুদ্রিক সম্পদের সুরক্ষা এবং জ্বালানি খাতের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে মোট ১২ মিলিয়ন ইউরো (প্রায় ১৭৮ কোটি টাকা) অনুদান দিচ্ছে জার্মানি। এ সংক্রান্ত দুটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ও ইউরোপ উইংয়ের প্রধান ড. রোকসানা তারান্নুম এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেডের (GIZ) কান্ট্রি ডিরেক্টর মার্ক গমবার্ট নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উদ্যোগটির আওতায় বেটার প্রটেকশন অব ম্যানগ্রোভস, সোয়াম্প ফরেস্টস অ্যান্ড মেরিন এরিয়াস (কানেক্ট) শীর্ষক প্রকল্পে ৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা অনুদান প্রদান করবে জার্মানি। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর।
আরও পড়ুন: বন্ধ শিল্পকারখানা সচলে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক
প্রকল্পটির মূল লক্ষ্য হলো উপকূলীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সামুদ্রিক ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক সম্পদ সুরক্ষা, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং এগুলোর টেকসই ব্যবহার দীর্ঘস্থায়ী করা।
অপরদিকে, এনার্জি এফিশিয়েন্সি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইই৪ডেভ) শীর্ষক দ্বিতীয় প্রকল্পে জার্মানি ৭ মিলিয়ন ইউরো বা প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে দেশের শিল্পকারখানা ও আবাসিক ভবনগুলোতে জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধ করে জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ওপর চাপ কমানোই হবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
স্বাধীনতার পর থেকেই ১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। ঐতিহাসিকভাবেই বাংলাদেশর আর্থসামাজিক উন্নয়নে দেশটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ পর্যন্ত জার্মানি বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ৪ বিলিয়ন ইউরোর আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেছে। বর্তমান প্রেক্ষাপটে জিআইজেডের মাধ্যমে প্রায় ১০৯.৬২ মিলিয়ন ইউরো অনুদানে বাংলাদেশে বিভিন্ন খাতের মোট ১৯টি প্রকল্প সফলভাবে বাস্তবায়নাধীন রয়েছে, যা উভয় দেশের মধ্যকার দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








