ইউটিউবকে টেক্কা দিতে বড় পরিসরে আসছে বিলিবিলি
ছবি: সংগৃহীত
চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। ইউটিউবের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য নতুনভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মূল লক্ষ্য আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করা।
মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম তুলে ধরতে ইতোমধ্যে মার্কেটিং কার্যক্রম শুরু করেছে বিলিবিলি। এ ছাড়া এক্সে নতুন একটি অ্যাকাউন্টও খুলেছে প্রতিষ্ঠানটি।
বিলিবিলির দাবি, তাদের চীনা ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একই কনটেন্ট পাওয়া যাবে। নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। এর আগে চীনা প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় বিদেশি ব্যবহারকারীদের পাসপোর্টসহ পরিচয়পত্রের তথ্য দিতে হতো।
বর্তমানে বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখ। মিস্টারবিস্টের মতো আন্তর্জাতিকভাবে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের কারণেও প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।
বিশ্ববাজারে সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন দেশে কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা তৈরির কাজও চলছে। আন্তর্জাতিক নির্মাতাদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করে স্পনসরড কনটেন্ট তৈরির সুযোগ দিতে একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনাও রয়েছে বিলিবিলির।
আরও পড়ুন: শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ, যুক্তরাষ্ট্রে ৪০ কোটি ডলার দেবে টিকটক
তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে প্রতিষ্ঠানটিকে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ ও ডেটা নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। চীনা মালিকানাধীন টিকটকও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ন্ত্রক ও নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের মুখোমুখি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








