সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: ইসি
ছবি: সংগৃহীত
আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
এই বৈঠক প্রসঙ্গে তিনি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা চায় কমিশন। আর রাষ্ট্রপতি ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী
এই ভোটের সময় নির্ধারণে নানা বিষয়ের ওপর নির্ভর করার বিষয়টিও তুলে ধরেন সিইসি। যেমন, সামনে বার্ষিক পরীক্ষা, দুর্গোৎসব, আগামী বছরের শুরুতে রোজা, এরপর এসএসসি পরীক্ষা ইত্যাদি বিষয়।
এদিকে, মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসন ইসি কতৃক শূন্য ঘোষণা করার পর এখানে উপনির্বাচন আয়োজনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয়েছে। আসনটিতে উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








