বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন চোরাকারবারিদের থামার জন্য বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।
এ সময় চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: রংপুরে ৪ খুনের রহস্যে নতুন মোড়
বিজিবি অধিনায়ক জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








