স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ১১:২৬, ২৮ আগস্ট ২০২৬

ঢাবিতে নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র‍্যালি অনুষ্ঠিত

ঢাবিতে নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র‍্যালি অনুষ্ঠিত

ছবি: নিউজবাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) এবং জাপানের মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নাগাসাকির যুদ্ধকালীন ও যুদ্ধ-পরবর্তী দুর্ভোগ, ধ্বংসযজ্ঞ কাটিয়ে শহরটির পুনর্গঠন এবং বর্তমানে একটি উন্নত ও সুন্দর নগরীতে পরিণত হওয়ার নানা দিক তুলে ধরা হয়। একই সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের নাগাসাকি থেকে আগত মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট মিজ আইয়াকো কাওয়াসাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের কালচারাল সেকশনের প্রধান মি. ইয়ু আওইয়াগি এবং মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. তাকাশি কাওয়াসাকি। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মিজ আনিকা বেগম।

সেমিনারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যুদ্ধের পর নাগাসাকির মানুষের চরম দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্য দিয়েও নাগাসাকি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আজ একটি উন্নত ও নান্দনিক শহরে পরিণত হয়েছে। শান্তি, মানবতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বকে আরও সুন্দর করে তোলার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রথম জাপানি ভাষা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মেট্রো আইটি অ্যান্ড জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের মো. শাহী আহমেদ ও মারিয়া তাসনিম।

জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ তোমোয়ুকি ফুকুই, মেট্রো আইটির  ইয়োশিও ইসোযাকি ও  তাকিকো হোনদা এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ ও প্রভাষক শাহরিন মোস্তফা সৃষ্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোল্ডকাপ ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ৭ নির্দেশনা

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাপানের নাগাসাকি থেকে আগত অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেট্রো আইটির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শান্তি র‍্যালি  অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়