কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে মেটা
ছবি: সংগৃহীত
কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের সময় কমানোর পাশাপাশি অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা। নতুন নিয়মে প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণের পাশাপাশি রাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।
এ ছাড়া স্কুল চলাকালে নোটিফিকেশন বন্ধ রাখা এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে কিশোর-কিশোরীদের যোগাযোগ সীমিত করার পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে নতুন বিধিনিষেধ কার্যকর করা হবে। তবে ব্যবহারকারীদের বয়স যাচাইসংক্রান্ত কিছু পরিবর্তন বাস্তবায়নে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, কিশোর-কিশোরীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। তবে অভিভাবকেরা প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে চাইলে সন্তানকে অতিরিক্ত সময় অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে না। পাশাপাশি সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কিশোর-কিশোরীদের কাছে এসব অ্যাপের কোনো নোটিফিকেশন পাঠানো হবে না। দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহার করলেও ব্যবহারকারীদের সতর্কবার্তা দেখানো হবে।
কিশোর-কিশোরীরা কী ধরনের কনটেন্ট দেখবে, সে বিষয়েও নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করেছে মেটা। ব্যবহারকারীদের আগ্রহ ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বাছাই করা কনটেন্টের পরিবর্তে তাদের জন্য সাধারণ ফিড দেখানো হতে পারে।
এ ছাড়া কিশোরদের পোস্টে লাইক দেওয়ার সংখ্যা গোপন রাখার পাশাপাশি কিছু ফিল্টার ব্যবহারের সুযোগও সীমিত করা হবে।
আরও পড়ুন: ইউটিউবকে টেক্কা দিতে বড় পরিসরে আসছে বিলিবিলি
প্রসঙ্গত, ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য প্রযুক্তি উদ্ভাবনে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে মেটা। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত করে মুছে ফেলার কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজবাংলাদেশ.কম/এসবি








