স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪১, ২৮ আগস্ট ২০২৬

এশিয়া কাপে ফাইনালের লক্ষ্য জ্যোতির

এশিয়া কাপে ফাইনালের লক্ষ্য জ্যোতির

ছবি: সংগৃহীত

নারীদের এশিয়া কাপে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দেশ ছাড়ার আগে থেকেই এশিয়া কাপের ফাইনালে খেলার প্রত্যয়ের কথা জানিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক। এবারও সেই লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি দেশের মানুষকে উদ্‌যাপনের উপলক্ষ্য এনে দিতে চান বলে জানিয়েছেন জ্যোতি।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, আমার মনে হয়, আমরা এই টুর্নামেন্টের আগে নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করে এসেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভালো পারফরম্যান্স করেছি। সেখানে কিছু ম্যাচে খুব কাছাকাছি গিয়ে হেরেছি। এবার আমাদের লক্ষ্য থাকবে, সেই সুযোগগুলো যেন আর হাতছাড়া না করি। ভালো ইনটেন্ট নিয়ে খেলতে আমরা মুখিয়ে আছি।

দলের সমর্থকদের নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আমরা যতবারই এখানে এসেছি, ততবারই অনেক মানুষের সমর্থন পেয়েছি। এখানে থাকা আমাদের বাঙালি ভাই-বোনেরা সবসময় মাঠে এসে আমাদের সমর্থন করেন। সর্বশেষ ২০২৪ সালে এসেও অনেক সমর্থন পেয়েছিলাম। এবারও আশা করছি, তারা মাঠে আসবেন এবং আমাদের উৎসাহ দেবেন।

জ্যোতি আরও বলেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তারা সবসময় চান নারী ক্রিকেট প্রতিটি টুর্নামেন্টে আরও ভালো করুক। আমরা সেটিকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। প্রতিবারই আমাদের সেমিফাইনাল থেকে বাড়ি ফিরতে হয়। এবার লক্ষ্য থাকবে ফাইনালে খেলা এবং বাংলাদেশকে উদ্‌যাপন করার মতো কিছু দেওয়া।

আরও পড়ুন: উয়েফার বয়কট হুমকি প্রত্যাহারে ফিফার স্বস্তি

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়