স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ৩১ আগস্ট ২০২৬

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালের মাঝখানে এবং আশার ডান পায়ের রানে গুলি লেগেছে।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করেন। এ সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে কাঁধের দিকে লাগে।

আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের ভেতরেই ছিলেন। এ সময় কপালের ঠিক মাঝখানে গুলি লাগে তার।

অন্যদিকে আহত আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এ সময় তার ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

আরও পড়ুন: মহেশখালীতে ৮ দেশিয় অস্ত্রসহ আটক ২

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়