শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
ছবি: সংগৃহীত
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় ঘোষণা করা হবে।
সোমবার (৩০ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ৩০ আগস্ট নতুন দিন নির্ধারণ করা হয়। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ধার্য করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, মামলায় সাক্ষীদের জবানবন্দি, আসামি হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকবে।
তবে আসামি হিটু শেখকে খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন তার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী হাফিজুর রহমান খান।
আছিয়ার মৃত্যুর ঘটনায় তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। এছাড়া হিটু শেখ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার বিচার শেষে ২০২৫ সালের ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই রায়ে অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কানেকশন পেয়েছি: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালের রায়ের চার দিন পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। এখন হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে আছেন মামলার সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








