সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পেয়েছি: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংযোগ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রবিবার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না। মামলাটির তদন্ত করছে অন্য একটি সংস্থা। কোনো মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত সংস্থা কখনো কখনো অন্য ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য বা ক্লু পেয়ে থাকে। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও তেমন কিছু তথ্য পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, সাগর-রুনি হত্যার ব্যাপারেও ক্লু পেয়েছি। সেটার নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না। তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারি রয়েছে। তবে এটুকু বলতে পারি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির এই ঘটনার কানেকশন পাওয়া গেছে।
তবে ওই ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্কের ধরন বা কী ধরনের তথ্যের ভিত্তিতে এই যোগসূত্র পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর আমাদের নজরদারি আছে। আরও তদন্ত হওয়ার পরে যদি অথেনটিক বা নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়, তাহলে পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা করব।
আরও পড়ুন: আপিল বিভাগে বিচারপতি হাবিবুল গনির শপথ
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত ও হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








