স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:০৬, ৩০ আগস্ট ২০২৬

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কিংবদন্তি লিওনেল মেসিকে দেখতে হাজির হয়েছিলেন হাজারো ফুটবলভক্ত। তবে মাঠে কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। এতে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের একাংশে ভাঙচুর চালান কয়েকজন দর্শক।

চরম বিশৃঙ্খলার মধ্যে মাত্র ২০ মিনিটের মতো স্টেডিয়ামে থাকার পর মেসিকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। সেদিন মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন দর্শকেরা।

প্রায় নয় মাস পর ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শুভেন্দু অধিকারী বলেন, মেসির বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারব।

ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। বরখাস্ত করা হয় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে। এ ছাড়া অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

আরও পড়ুন: স্টুটগার্টকে উড়িয়ে বুন্ডেসলিগায় বায়ার্নের গোল উৎসব

কারাগার থেকে বেরিয়ে তৎকালীন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শতদ্রু দত্ত। তাঁর অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন; বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়