‘ঢাকার প্রধান সড়কে ই-রিকশা চলবে না’
ছবি: সংগৃহীত
ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলোতে আটটি জোন নির্ধারণ করে এসব যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ই-রিকশার চলাচল ও নিবন্ধন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, মূল সড়কে ই-রিকশা আমরা চলতে দেব না। আটটি জোন করে অভ্যন্তরীণ সড়কগুলোতে তাদের চলাচলের ব্যবস্থা করা হবে। এটি তিনটি ভাগে বিভক্ত থাকবে।
তিনি জানান, ঢাকায় যেসব ই-রিকশাকে লাইসেন্স বা নিবন্ধন দেওয়া হবে, সেগুলোর যাত্রী ধারণক্ষমতা হবে দুই অথবা চারজন। ছয়জন যাত্রী বহনে সক্ষম কোনো ই-রিকশাকে ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনা হবে না।
তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে দুই, চার ও ছয়জন যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, নিবন্ধনের জন্য ই-রিকশাগুলোকে অবশ্যই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হতে হবে। অনুমোদিত নকশায় নির্মিত যানবাহনই নিবন্ধনের আওতায় আসবে।
ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, নীতিমালাটি শিগগির আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে এক সপ্তাহের মধ্যে অথবা পরের সপ্তাহেই নীতিমালাটি জারি করা হতে পারে।
আরও পড়ুন: এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি
প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী নীতিমালা জারি হলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ই-রিকশা ও বৈদ্যুতিক রিকশাগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








