দাখিল প্রাইভেট পরীক্ষার সুযোগ, রেজিস্ট্রেশন শুরু ৩০ আগস্ট
ছবি: সংগৃহীত
মাদরাসার যেসব শিক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পরীক্ষায় অংশ নিতে না পারা মাদরাসা শিক্ষার্থীদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়া হবে। ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে কয়েকটি নির্দেশনা মেনে সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, শুধু ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্রস্থিত মাদরাসা থেকে দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করা যাবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে ন্যূনতম ১৯ বছর হতে হবে।
রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
যে কোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে e-sife-এ প্রতিষ্ঠানের EIIN ও Entry Password দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন ফি সিস্টেমে জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। ওই অপশনে গিয়ে দাখিল প্রাইভেট নির্বাচন করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে।
এন্ট্রি করা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্যের তালিকার প্রিন্টআউট নিয়ে তা ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। কোনো ভুল ধরা পড়লে লিস্টের Edit অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করা যাবে। জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শিক্ষার্থীদের সব তথ্য এন্ট্রি করতে হবে।
দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। এ রেজিস্ট্রেশন নবায়নযোগ্য নয়।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত পূরণ হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরম পূরণের জন্য যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: ২০২৭ থেকে নতুন শিক্ষা, ২০২৮-এ বড় সংস্কার
প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। তারা কোনো অতিরিক্ত বিষয় গ্রহণ করতে পারবেন না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








