অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন চালু
ছবি: সংগৃহীত
অ্যাপল ম্যাপস অ্যাপে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে অ্যাপল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা ম্যাপসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পাবেন। কয়েক দিন ধরে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হলেও আগামী কয়েক সপ্তাহে ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।
চলতি বছরের শুরুতে অ্যাপল জানিয়েছিল, গ্রীষ্ম থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ম্যাপস অ্যাপে বিজ্ঞাপন চালু করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী এখন সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাককে অ্যাপল জানিয়েছে, কয়েক দিন ধরে ম্যাপসে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ব্যবহারকারীর কাছে তা পৌঁছাবে।
ম্যাপস অ্যাপে মূলত দুই জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে। কোনো স্থান খোঁজার আগে সার্চ পর্দার সাজেস্টেড প্লেসেস অংশে বিজ্ঞাপন দেখানো হবে। আবার কোনো স্থান বা ব্যবসাপ্রতিষ্ঠান খোঁজার পর প্রাসঙ্গিক হলে সার্চ ফলাফলেও বিজ্ঞাপন প্রদর্শিত হবে।
বিজ্ঞাপনগুলো ম্যাপসে থাকা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকার মতোই দেখাবে। তবে বিজ্ঞাপন শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট তালিকার পাশে ছোট নীল রঙের অ্যাড ব্যাজ থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সাধারণ ব্যবসায়িক তালিকা ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন।
ম্যাপসে বিজ্ঞাপন চালুর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, ম্যাপসে বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রেও তাদের গোপনীয়তাকেন্দ্রিক বিজ্ঞাপন নীতি অনুসরণ করা হবে।
আরও পড়ুন: কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে মেটা
অ্যাপলের তথ্যমতে, ব্যবহারকারীর অবস্থানের তথ্য কিংবা তিনি ম্যাপসে কোন বিজ্ঞাপন দেখেছেন বা তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন—এসব তথ্য তার অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হবে না। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তার নিজস্ব ডিভাইসেই থাকবে। অ্যাপল এসব তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না এবং তৃতীয় পক্ষের সঙ্গেও তা শেয়ার করবে না। সূত্র: নাইনটুফাইভম্যাক ডটকম
নিউজবাংলাদেশ.কম/এসবি








