তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ১ সেপ্টেম্বর ২০২৬

কার্সরকে এআই মডেল সরবরাহ বন্ধ করছে ওপেনএআই

কার্সরকে এআই মডেল সরবরাহ বন্ধ করছে ওপেনএআই

ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তি নিয়ে ওপেনএআই ও ইলন মাস্কের মধ্যে চলমান বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে। স্পেসএক্সের মালিকানাধীন এআই কোডিং টুল কার্সর-এ এআই মডেল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১২ নভেম্বর ২০২৬ থেকে কার্সরের সঙ্গে তাদের চুক্তি বাতিল করার পরিকল্পনা রয়েছে।

কার্সর তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানিস্ফিয়ার। চলতি বছরের জুনে প্রায় ৬ হাজার কোটি ডলারে অ্যানিস্ফিয়ারকে অধিগ্রহণের চুক্তি করে স্পেসএক্স। চলতি মাসের শুরুতে সেই অধিগ্রহণ সম্পন্ন হয়। এরপরই কার্সরকে এআই মডেল সরবরাহ নিয়ে ওপেনএআইয়ের সঙ্গে নতুন করে বিরোধ তৈরি হয়েছে।

ওপেনএআইয়ের দাবি, ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আগের চুক্তি ভঙ্গের অভিজ্ঞতার কারণে স্পেসএক্স তাদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণেই কার্সরকে এআই মডেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সাধারণত বিশেষ চুক্তির মাধ্যমে তাদের প্রযুক্তির নিরাপদ ও নির্ধারিত ব্যবহার নিশ্চিত করা হয়। তাদের ভাষ্য, স্পেসএক্সের মালিকানায় কার্সরের পরিবর্তন ঘটায় চুক্তি বাতিলের জন্য ওপেনএআইয়ের হাতে নির্দিষ্ট সময়ের সুযোগ ছিল।

এদিকে ওপেনএআইয়ের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। একই পোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের সমালোচনাও করেন তিনি।

মাস্ক ও অল্টম্যানের বিরোধ অবশ্য নতুন নয়। ওপেনএআই প্রতিষ্ঠার সময় দুজনই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। পরে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ও পরিচালনা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। চলতি বছর ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের করা ১৫ হাজার কোটি ডলারের মামলাকে ঘিরেও দুপক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। মামলায় মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই তার মূল অলাভজনক উদ্দেশ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক স্বার্থকে গুরুত্ব দিয়েছে। তবে চলতি বছর একটি ফেডারেল জুরি মাস্কের মামলার বিরুদ্ধে রায় দেয়।

কার্সরের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমানে স্পেসএক্সের নির্বাহী মাইকেল ট্রুয়েল জানিয়েছেন, বিষয়টি সমাধানে তারা ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করছেন।

অন্যদিকে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক কার্সরের জন্য তাদের ক্লড মডেলের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে। অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা টম ব্রাউন জানান, কার্সরে ক্লড মডেল চালাতে প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্পেসএক্সের সঙ্গে অ্যানথ্রপিকের আগে থেকেই অংশীদারত্ব রয়েছে।

কার্সর মূলত প্রোগ্রামারদের জন্য তৈরি একটি এআই-সহায়ক কোডিং টুল। সফটওয়্যার তৈরি, কোড লেখা ও সম্পাদনার মতো কাজে এটি এআই মডেল ব্যবহার করে। ফলে কার্সরের মতো জনপ্রিয় কোডিং প্ল্যাটফর্মে কোন এআই প্রতিষ্ঠানের মডেল ব্যবহার করা হচ্ছে, তা প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন চালু

ওপেনএআইয়ের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির সঙ্গে ইলন মাস্কের চলমান বিরোধকে আরও তীব্র করেছে। কার্সরের ভবিষ্যৎ এআই অংশীদারত্বে অ্যানথ্রপিকের ভূমিকা কতটা বাড়ে, এখন সেটিই দেখার বিষয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়