স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৫৩, ৩১ আগস্ট ২০২৬

মাংস বিক্রি করতে হলে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি প্রশাসক

মাংস বিক্রি করতে হলে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে সিটি করপোরেশনের সিল থাকতে হবে। ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। পাশাপাশি অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বাজার বা অন্য কোনো স্থানে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।

আবদুস সালাম বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি যথাযথভাবে জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগে আক্রান্ত ছিল কি না এসব নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর নামে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কি না, সেটিও যাচাই করা সম্ভব হয় না।

এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাই করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। দায়িত্ব পালনে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়