আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৭, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৫৮, ৩১ আগস্ট ২০২৬

জর্ডানে মার্কিন দুই বিমানঘাঁটিতে ইরানের হামলা

জর্ডানে মার্কিন দুই বিমানঘাঁটিতে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা হামলা চালায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ইরানের দাবি, হামলায় বিমানঘাঁটি দুটির কারিগরি ও যান্ত্রিক অবকাঠামো, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যুদ্ধবিমান রাখার শেডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে এর জবাব আরও তীব্র ও বিধ্বংসী হবে।

এর আগে রোববার (৩০ আগস্ট) ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়ার সময় ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তবে আইআরজিসি দাবি করেছে, মার্কিন হামলায় কয়েকজন সেনা সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এ হামলার পরই তেহরান পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ইরান।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা ক্রমেই বেড়েছে। জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সাময়িক সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পরে তা ভেস্তে যায়। এরপর হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সাইপ্রাসের উপকূলে নৌযানডুবি, নিহত ৮

তবে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা এবং সেখানে ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়