স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী তামিম

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী তামিম

বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ঝুলে আছে ভারতের বাংলাদেশ সফর। বিভিন্ন সময়ে সিরিজটি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে এবার সফরটি নিয়ে নতুন করে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে। ২০২৬-২৭ মৌসুমে ছয়টি সাদা বলের ম্যাচ খেলতে ভারত বাংলাদেশ সফর করবে বলে আশাবাদী বিসিবি।

এর আগে চলতি মাসের শুরুতে তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন, সফরটি আবারও স্থগিত হতে পারে। তবে এবার সিরিজটি নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

ভারতের বাংলাদেশ সফর প্রসঙ্গে তামিম বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে, উভয় ক্রিকেট বোর্ডই আলোচনা করছে। এটি একটি ফলপ্রসূ আলোচনা এবং আমি আশাবাদী যে এটি অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের কাছ থেকেও বিসিবি ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানা গেছে। ফলে আগামী বছরের শুরুতেই ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবি গত ২ জানুয়ারি ভারতের এই সফরের ঘোষণা দিয়েছিল। তবে ঘোষণার কয়েক দিন পর আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এর প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়।

চলতি মাসের শুরুতে বিসিবির নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির

ভারত-বাংলাদেশের এই সাদা বলের সিরিজটি মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। বিসিবি চলতি বছরের শুরুতে সফরটি নিশ্চিত করলেও এখন পর্যন্ত চূড়ান্ত সময়সূচি নিয়ে দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়