স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৬

সাত বছর পর ডাকসুর জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন

সাত বছর পর ডাকসুর জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন

মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ ফিরে পেলেন ২০১৯ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁন। ওই নির্বাচনে বিজয়ী ঘোষিত জিএস ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের পর তাকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। জিএস ঘোষণা হওয়ার পর উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে গঠিত তদন্ত কমিটি বিভিন্ন অনিয়মের বিষয় চিহ্নিত করে। এ বিষয়ে সিন্ডিকেটের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ডাকসুর জিএস পদও বাতিল করা হয়।

পরে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৭তম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রাশেদ খাঁন পান ৬ হাজার ৬৩ ভোট, যা ছিল জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ।

ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন নুরুল হক নুর।

আরও পড়ুন: ৪৪ বছর পর স্মৃতির পাতায় ফিরলেন ঢেমশা স্কুলের প্রাক্তনরা

সিদ্ধান্তের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন জানান, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়া এবং সিন্ডিকেটের শোকজের উপযুক্ত জবাব দিতে না পারায় তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডাকসুর জিএস পদও বাতিল করে ২০১৯ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ার ভিত্তিতে তাকে জিএস ঘোষণা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়