বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি, পপিকে নিয়ে বাপ্পারাজ
ছবি: সংগৃহীত
বাংলাদেশের চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি ফটোকার্ড ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ফটোকার্ডে পপির বক্তব্য হিসেবে লেখা হয়েছে, যতটুকু পাপ কামাইছি, সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব, হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।
সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পপির ওই বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রকাশ করেন।
ফটোকার্ডটি শেয়ার করে জয় প্রশ্ন তোলেন, তারকারা কি এখন অভিনয়কে পাপ হিসেবে দেখছেন? তিনি লেখেন, মৌসুমীর পর পপিও একই কথা বললেন; এখন শাবনূর ও পূর্ণিমাও এমন বললে এক জেনারেশন পূর্ণ হতো।
ভক্তদের প্রসঙ্গ টেনে জয় আরও লেখেন, আপনারা সব বুঝে ভুল বুঝতে পেরেছেন। কিন্তু না বুঝে যারা আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছে, তাদের কী হবে? বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের উদ্দেশ্য করেও তিনি প্রশ্ন করেন, ভবিষ্যতে তারাও কি জীবন গুছিয়ে নিয়ে একই ধরনের বক্তব্য দেবেন?
জয়ের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। পোস্টে মন্তব্য করে জ্যেষ্ঠ অভিনেতা বাপ্পারাজ পপির বক্তব্যকে কটাক্ষ করেন। তিনি লেখেন, যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।
এর আগে এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে অভিনয় থেকে সরে যাওয়ার কারণ ও অতীত নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন পপি। সেখানে তিনি বলেছিলেন, পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের গালি খেয়েছেন। জীবনে যে পাপ করেছেন বলে মনে করেন, তা ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চান। জীবনের বাকি দিনগুলো ঈমান-আমলের সঙ্গে শান্তিতে কাটানোই তাঁর একমাত্র ইচ্ছে।
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেশত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কুলি, যেখানে তার সহশিল্পী ছিলেন ওমর সানী। তৎকালীন সময়ে প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে সিনেমাটি তাঁকে তারকাখ্যাতি এনে দেয়।
দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পপি। তবে সাফল্যের সেই অধ্যায় পেরিয়ে বর্তমানে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: চোট কাটিয়ে শুটিংয়ে ফিরছেন রাশমিকা
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা পপি পরিবার ও সংসার নিয়ে আড়ালে জীবনযাপন করছেন। গোপনে বিয়ে ও এক সন্তানের মা হওয়ার খবর প্রকাশের পর তাঁর পুরোনো বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








