স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাভোগের পর অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি।

এদিকে, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে লন্ডনে অবস্থান করেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দলটি ২০০৬ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তাঁর মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে তার নেতৃত্বাধীন বিএনপি।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

আরও পড়ুন: বিএনপি মানেই গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশের সংগ্রাম

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

গত ২৬ আগস্ট এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়